আ.লীগের বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমানের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাকশীর দিয়াড়বাঘইলে এ ঘটনা ঘটে। ২৮ মে পাকশীতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, আজ দুপুরে উপজেলার রূপপুর তিনবটতলা থেকে বিবিসি বাজার যাওয়ার সময় তাঁর নির্বাচনী প্রচারণার মাইক ভেঙে ফেলা হয়। এরপর সন্ধ্যায় ছয়টি মোটরসাইকেলে করে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী এনামুল হক বিশ্বাসের সমর্থকেরা তাঁর দিয়াড়বাঘইল মসজিদের সামনে নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন। পরে তিনি ঘটনাটি ঈশ্বরদীর ইউএনও এবং পুলিশকে জানান। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাচন কার্যালয়ে লিখিত অভিযোগ দেবেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বিশ্বাস দাবি করেন, তাঁর সমর্থকেরা এ ধরনের কাজের সঙ্গে জড়িত নন। নির্বাচনে এটি তাঁর বিরুদ্ধে অপপ্রচার।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) রমজান আলী বলেন, অভিযোগ পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।