আ.লীগের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ
ভোটকেন্দ্রের বাইরে র্যা ব, বিজিবি ও পুলিশের কঠোর পাহারা থাকলেও ভেতরে চলেছে জাল ভোটের মহোৎসব। তার ওপর প্রতিপক্ষের এজেন্ট ও ভোটারদের কেন্দ্রেই যেতে দেননি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী।
এসব অভিযোগ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নেওয়া বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলামের। তিনি গতকাল শনিবার বেলা ১১টায় বচইড় গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজিজ বাঙ্গালীও ওই নির্বাচনকে তামাশার নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন।
গতকাল ঝলম দক্ষিণ ইউপির ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে চতুর্থ ধাপে মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগে ওই ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছিল।
এদিকে জাল ভোট দেওয়ার অপরাধে ওই ইউনিয়নের চাপনি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা ভোটকেন্দ্রে চারজনকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোজাম্মেল হোসেন, শামীম হোসেন, মানিক হোসেন ও মাকসুদা কাজল।
বিএনপির প্রার্থী ফখরুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘এই নির্বাচনে বহিরাগত লোকজন দিয়ে কেন্দ্র দখল, ভোট ডাকাতি, এজেন্ট ও সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে দেয়নি আওয়ামী লীগ। এ কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান বহিরাগত লোকজন দিয়ে নয়টি কেন্দ্রই দখল করে নিয়েছেন। ভোটকেন্দ্রের সামনে র্যা ব, বিজিবি ও পুলিশ পাহারা দিচ্ছে আর ভেতরে সিল মারা চলছে। এটা কোনো নির্বাচন হতে পারে না। এ নিয়ে নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন স্থানে অভিযোগ করেও কোনো লাভ হয়নি।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজিজ বাঙ্গালী বলেন, এটা তামাশার নির্বাচন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যেতে পারেনি।
কেন্দ্র দখল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া ও জাল ভোট দেওয়ার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান বলেন, ‘কোনো প্রার্থী এজেন্ট ও ভোটার আনতে না পারলে এটা তাঁর ব্যর্থতা। নিজেদের ব্যর্থতা অন্যের ওপর চাপানো ঠিক না। এসব অভিযোগ মোটেই সত্য নয়।’
রিটার্নিং কর্মকর্তা ও মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, ‘আমার কাছে কোনো অনিয়ম নিয়ে কেউ অভিযোগ করেনি।’
কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে কোনো ধরনের অনিয়ম চোখে পড়েনি। তবে একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে চারজনকে জরিমানা করা হয়।’