আ.লীগের বিরুদ্ধে জাল ভোট ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দঁাড়িয়ে আছেন। ছবিটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের সত্রাশিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে গতকাল তোলা l জগলুল পাশা
ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দঁাড়িয়ে আছেন। ছবিটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের সত্রাশিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে গতকাল তোলা l জগলুল পাশা

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটকেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে জাল ভোট প্রদান ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। খেরুয়াজানি ও দুল্লা ইউপির দুটি কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় তিনজনকে আটক করা হয়।
গতকাল কুমারগাতা, বাঁশাটী, ঘোগা ও দুল্লা ইউপিতে আওয়ামী লীগ কর্মীদের বেশ কয়েকটি কেন্দ্র দখলের চেষ্টা ও কেন্দ্রের বাইরে আতঙ্ক সৃষ্টি করতে দেখা যায়। এ সময় বিএনপির কর্মী-সমর্থকদের খুব একটা চোখে পড়েনি।
বেলা ১১টার দিকে আওয়ামী লীগের কর্মীরা খেরুয়াজানি ইউপির লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে জোর করে ভোট দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনটি ফাঁকা গুলি করে। এ সময় আওয়ামী লীগের একজন কর্মীকে আটক করা হয়। এ বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রার্থী ফারুকুল ইসলামের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।
দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কর্মীরা কুমারগাতার গারাইকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে হুমকি দিয়ে চেয়ারম্যান পদের ভোট তাঁদের সামনে দিতে বলেন। প্রশাসনের তৎপরতায় আওয়ামী লীগ কর্মীদের এ চেষ্টা সফল হয়নি।
খেরুয়াজানি ও কুমারগাতা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, কিছু দুর্বৃত্ত ওই কেন্দ্রগুলোতে তাদের সামনে ভোট দিতে বললেও একটি ভোটও তাদের সামনে দেওয়া হয়নি।
দুল্লা ইউপির বিন্নকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও আওয়ামী লীগের কর্মীরা ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ তিনটি ফাঁকা গুলি ছুড়লে আওয়ামী লীগের কর্মীরা পিছু হটেন। এ সময় দুজনকে আটক করা হয়।
এ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সামাদের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।
সকাল সাড়ে আটটার দিকে কুমারগাতার মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমানের কর্মী ও সমর্থকদের সরব উপস্থিতি দেখা যায়। সেখানে আওয়ামী লীগের প্রার্থী আকবর আলীর কর্মীদের উপস্থিতি থাকলেও চোখে পড়ার মতো বিএনপির কর্মী ছিলেন না। কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ দেখা যায়। চারটি কক্ষেই বিএনপি প্রার্থীর এজেন্ট পাওয়া গেছে।
একই ইউনিয়নের সত্রাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে ১০টায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমানের কর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। এ কেন্দ্রেও বিএনপির কর্মী-সমর্থকদের তেমন দেখা যায়নি। এখানেও শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়।
ওই ইউনিয়নের জয়দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ কে এম জাহিদ হাসান বলেন, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা চেয়ারম্যান পদের ভোট তাঁদের সামনে দেওয়ার দাবি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তাঁদের বের করে দেন। পরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়।
এ ছাড়া ঘোগা, তারাটি, মানকোন, কাশিমপুর ও দাঁওগাও ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট হয়েছে।