দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শেরপুরের শ্রীবরদী উপজেলার ছয়টি ইউপির মধ্যে মাত্র দুটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। এজন্য সাংসদ ও দলীয় নেতারা পরস্পরকে দোষারোপ করছেন। অন্যদিকে, নকলা উপজেলার নয়টি ইউপির সবগুলোতেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা জয় পেয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, শ্রীবরদীতে আওয়ামী লীগ থেকে সদর ইউপিতে আবদুল হালিম ও খড়িয়া কাজিরচরে এ ডি এম শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কুড়িকাহনীয়া ও গড়জরিপায় বিএনপি থেকে নূরে আলম ও আবুল কালাম আজাদ জয়ী হয়েছেন। সিংগাবরুণা ও কাকিলাকুড়ায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রাজ্জাক ও হামিদুল্লাহ তালুকদার নির্বাচিত হয়েছেন।
ঝিনাইগাতী-শ্রীবরদী আসনের সাংসদ ও প্রকৌশলী এ কে এম ফজলুল হক বলেন, ‘শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতারা মনোনয়ন-বাণিজ্যের কারণে যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে মনোনয়ন দেননি। রাজনৈতিক জীবনে কখনো আওয়ামী লীগ করেননি এমন প্রার্থীকেও মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে উপজেলার চারটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়েছেন।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম বলেন, ‘মনোনয়ন-বাণিজ্যের প্রশ্নই ওঠে না। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু দলের ইমেজ ক্ষুণ্ন করার জন্য প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এবং আওয়ামী লীগের প্রার্থীদের বিপক্ষে সাংসদ ফজলুল হকের কর্মকাণ্ডের জন্যই ওই চার প্রার্থী পরাজিত হয়েছেন।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নকলা সদর ইউপিতে আনিসুর রহমান, গণপদ্দিতে শামছুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), উরফায় রেজাউল হক, গৌড়দ্বারে শওকত হোসেন খান, বানেশ্বরদীতে মাজহারুল আনোয়ার, পাঠাকাটায় ফয়েজ মিল্লাত, টালকীতে মো. বদরুজ্জামান, চর অষ্টধরে গোলাম রাব্বানী ও চন্দ্রকোনায় সাজু সাইদ সিদ্দিকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই আওয়ামী লীগের।
নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার কারণেই দলীয় প্রার্থীরা জয়ী হয়েছেন।