আ.লীগের ভোট সুরক্ষার দায়িত্ব নিয়েছে ইসি: আমীর খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের নাগরিকদের ভোট সুরক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু তারা আওয়ামী লীগের ভোট সুরক্ষার দায়িত্ব নিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘ইসি সৃষ্টি হয়েছে বাংলাদেশের নাগরিককে ভোট নিশ্চিত ও সুরক্ষার জন্য। কিন্তু এখন ইসি হয়ে গেছে আওয়ামী লীগের ভোট সুরক্ষা জন্য। তাদের ভোট সুরক্ষার দায়িত্ব অনেকটা ইসির।’

ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে ইসিতে বারবার অভিযোগ করেও কোনো সমাধান হয়নি অভিযোগ করে আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে। এটা নির্বাচনের বিধির সরাসরি লঙ্ঘন। নির্বাচনের দুই দিন আগে এটা করা যায় না। নির্বাচন কমিশন বলছে তারা কিছু জানেন না। আমরা মনে করি, তারা ওয়াচডগ হিসেবে সব পর্যবেক্ষণ করেন। কিন্তু সমাবেশ করছে, এটা তারা জানেই না, এটা আমাদের তাদের কাছে বলতে হয়। সমাবেশে দক্ষিণের প্রার্থীর ব্যানার, পোস্টার, সিম্বল নিয়ে লোকজন যাচ্ছে। এটা ক্লিয়ারলি ভায়োলেশন (পরিষ্কারভাবে লঙ্ঘন)।’

আমীর খসরু বলেন, গ্রেপ্তার চলছে। বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি হচ্ছে। দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নূর তাপসের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংসদের উপস্থিত থাকা আচরণবিধি লঙ্ঘন। তাপসের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সভায় গতকাল বুধবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান ভোটের দিন সকাল থেকে ভোটকেন্দ্র ‘দখল ও নিয়ন্ত্রণে’ রাখার আহ্বান জানিয়েছেন। তাঁর এ বক্তব্যের সমালোচনা করেছেন আমীর খসরু।

এ ছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, বিএনপি বহিরাগত অস্ত্রধারীদের ঢাকায় জড়ো করছে। এর জবাবে আমীর খসরু বলেছেন, এ ধরনের কাজ আওয়ামী লীগই করে থাকে। নিজেদের কথা বলতে গিয়ে তিনি বিএনপির কথা বলে ফেলেছেন।

বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে আমীর খসরু বলেন, ‘দেশীয় পর্যবেক্ষকদের ২২টার মধ্যে ১৮টির ওয়েবসাইট নেই। আবার দুটির একই ব্যক্তি চেয়ারম্যান ও আরেকটিতে চিফ এক্সিকিউটিভ। সেই প্রতিষ্ঠানের স্পনসর আওয়ামী লীগ নেতাদের। আওয়ামী লীগের অবজারভারদের দিয়ে সবকিছু করতে চায়, বাইরের কেউ দেখবে তারা চায় না। নিয়ন্ত্রণের নির্বাচনের মাধ্যমে ফল পেতে চায়। অবজারভার, ইভিএম সেভাবেই করেছে।’

নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বহু ভোটে জিতবে দাবি করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, তাই ভোট নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা হচ্ছে। সবাই মিলে নিয়ন্ত্রিত নির্বাচনের পর্যায় নিয়ে গেছে। ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন চাইলে পরিবর্তন সম্ভব। চাইলেই জনগণের ভোট ফিরিয়ে দিতে পারেন তাঁরা।

ইসির সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।