আ.লীগের মনোনয়ন না দিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হাফেজ আহমদকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন না দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ড। গতকাল সোমবার দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, টাকার বিনিময়ে হাফেজ আহমদ আওয়ামী লীগের উপজেলা কমিটিতে স্থান পেয়েছেন। তাঁকে একজন ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন তাঁরা। সাতকানিয়ার কালিয়াইশ ইউপিতে আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন না দেওয়ার দাবি জানান তাঁরা।

মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ডার আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ চন্দনাইশ উপজেলা ইউনিট কমান্ডার জাফর আলী, সাতকানিয়া উপজেলা ইউনিটের ডেপুটি কমান্ডার মিলন কুমার ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা মো. ইউছুফ বাঙ্গালী, অরুণ মজুমদার, মো. শাহাদাত হোসেন, মো. মনির আহমদ, আবু তাহের প্রমুখ।

অভিযোগের বিষয়ে হাফেজ আহমদ বলেন, আগেই থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। টাকা দিয়ে দলের পদ পাননি। তিনি বলেন, ‘আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। আমার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তিনি নিজেই মুক্তিযোদ্ধা নন।’