নাটোরের গুরুদাসপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া নেতাদের কর্মী ও সমর্থকেরা স্থানীয় সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
গত বুধবার বিকেলে উপজেলা শহরের চাঁচকৈড় বাজার থেকে মিছিল বের করা হয়। পরে শহরের সিএম মার্কেটের সামনে সমাবেশ হয়। সেখানে বক্তারা বলেন, দলীয় নির্দেশনা মেনে তৃণমূলের ভোটে উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে একক প্রার্থী বাছাই করে কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস তাঁর পছন্দের চারজন প্রার্থীকে কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন এনে দিয়েছেন। ওই চারজন হলেন খুবজীপুর ইউপিতে সাংসদের ভাতিজা মনিরুল ইসলাম, মশিন্দায় মোস্তাফিজুর রহমান, ধারাবারিষায় আবদুল মতিন ও বিয়াঘাট ইউপিতে মোজাম্মেল হোসেন। তাঁদের মধ্যে মোজাম্মেল হোসেন তৃণমূলের ভোটে পরাজিত হয়েছিলেন। অন্যরা তৃণমূলের ভোটে অংশই নেননি।
দলীয় মনোনয়ন না পাওয়া মশিন্দা ইউনিয়নের আবদুল বারী, ধারাবারিষার মণ্ডল মেহেদী হাসান, বিয়াঘাটের রবিউল করিম ও খুবজীপুরের মোহসিন আলী বলেন, তাঁরা বছরের পর বছর দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে রয়েছেন। তৃণমূলের ভোটে দলীয় প্রার্থী হলেও সাংসদের কাছে অপ্রিয় হওয়ায় তাঁরা নৌকা পাননি। তবে তৃণমূলের মানুষের দাবিতে ও সাংসদের বাহাদুরির জবাব দিতে তাঁরা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ৪ জুনের ভোটে সাংসদ আবদুল কুদ্দুস এর জবাব পাবেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, সাংসদ আবদুল কুদ্দুস নেতা-কর্মীদের মূল্যায়ন না করে একমুখী অবস্থানে রয়েছেন। তৃণমূলের নেতা-কর্মীরা এর প্রতিবাদ জানাতে শহরে এসেছেন। নির্বাচনে যাতে প্রভাব ফেলতে না পারেন, সে জন্য ভোটের আগে তাঁকে উপজেলায় ঢুকতে দেওয়া হবে না।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও সাহিদা আক্তার বলেন, সাংসদ আবদুল কুদ্দুসের কারণে তৃণমূল আওয়ামী লীগে বিভক্তি শুরু হয়েছে। নির্বাচনে এর প্রভাব পড়তে পারে।
সাংসদ আবদুল কুদ্দুস বলেন, ‘দলীয় মনোনয়ন দেওয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর।’ এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
গত বুধবার সমাবেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরে দুই ভ্যান পুলিশ মোতায়েন করা হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা ওই কর্মসূচির নেতৃত্ব দেন।
উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের শহর ও পৌর কমিটি কর্মসূচির আয়োজন করে। উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আলাল শেখ এতে সভাপতিত্ব করেন। সমাবেশে আরও বক্তৃতা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের পৌর কমিটির সভাপতি স্বাধীন মাবুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ সরকার, পৌর যুবলীগের সভাপতি তাহের সোনার, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাঁধন শেখ প্রমুখ।