আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান চেয়ারম্যানরা। উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে আটটিতেই বর্তমান চেয়ারম্যানরা আওয়ামী লীগের সমর্থনে নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে একজন দলীয় মনোনয়ন পেয়েছেন।
বর্তমান চেয়ারম্যানদের মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া একমাত্র ব্যক্তি হলেন পান্ডারগাঁও ইউপির আবদুল ওয়াহিদ।
দোয়ারাবাজার সদর ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুল খালিক। কিন্তু এবার দলীয় মনোনয়ন পাননি। আবদুল খালিক বলেন, ‘আমি ৩০ বছর ধরে আওয়ামী লীগ করি। তিনবার ইউপি চেয়ারম্যান হয়েছি। দলীয় মনোনয়ন না পাওয়ায় নেতা-কর্মীরা হতাশ। আমাকে মনোনয়ন না দেওয়া যে ভুল হয়েছে, সেটা ভোটের পরই বোঝা যাবে।’
নরসিংপুর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান। হাবিবুর রহমান বলেন, ‘আমি চারবারের চেয়ারম্যান। অথচ আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। আমি নেতা-কর্মীদের নিয়ে মাঠে আছি।’
লক্ষ্মীপুর ইউপির বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলামও পরপর দুবার এখানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনিও দলীয় মনোনয়ন পাননি। আমিরুল ইসলাম বলেন, ‘আমাকে দলীয় মনোনয়ন না দেওয়ায় এলাকায় বিক্ষোভ হয়েছে। নেতা-কর্মী ও এলাকাবাসীর চাপে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
দোহালিয়া ইউপির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘আমি দুবারের চেয়ারম্যান। দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ করছি। আমি ইউপির সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থদের সঙ্গে আলোচনা করেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
বোগলাবাজার ইউপির বর্তমান চেয়ারম্যান আহমদ আলী ওরফে আপন। তিনি দলীয় মনোনয়ন পাননি। আহমদ আলী বলেন, ‘আমার এখানে মনোনয়ন-বাণিজ্য হয়েছে। আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব না। এলাকার মানুষ আমার সঙ্গে আছে, গণসংযোগ করে যাচ্ছি।’ মান্নারগাঁও ইউপির দুবারের চেয়ারম্যান মোহাম্মদ আলী খানও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একইভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন বাংলাবাজার ইউপির বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন রানা।
দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক প্রথম আলোকে বলেন, দলের ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের মতামতের ভিত্তিতে কেন্দ্র থেকে প্রার্থী দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের মানা উচিত। দল যাঁদের মনোনয়ন দিয়েছে, তাঁদের পক্ষে সবাইকে কাজ করতে হবে।
দোয়ারাবাজার উপজেলার নয়টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৩ এপ্রিল এসব ইউপিতে ভোট গ্রহণ হবে।