
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত দুজন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকেরা গতকাল শুক্রবার কক্সবাজার-টেকনাফ ও টেকনাফ-শাহপরী দ্বীপ সড়ক অবরোধ করেছেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, গতকাল ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে হোয়াইক্যং মডেল ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল আলম জুয়েল; হ্নীলা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এইচ কে আনোয়ার, টেকনাফ সদর ইউনিয়নে উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলম; সাবরাং ইউনিয়নে শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়নের সভাপতি সোনা আলী; বাহারছড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজ উদ্দিন এবং সেন্ট মার্টিন ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, এ খবর জানার পর বেলা ১১টার দিকে হ্নীলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মাহবুব মোর্শেদের সমর্থকেরা হ্নীলা বাসস্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় তাঁরা দল মনোনীত প্রার্থী এইচ কে আনোয়ারের বিরুদ্ধে স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়কের দুই পাশে কলাগাছ রোপণ করেন।
অবরোধের কারণে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এ সময় অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
মুঠোফোন বন্ধ থাকায় এ প্রসঙ্গে মাহবুব মোর্শেদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মাহবুব মোর্শেদের বাবা টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী বলেন, এইচ কে আনোয়ারকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ। তাঁরা সড়ক অবরোধ ও সড়কে কলাগাছ রোপণ করে তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
এইচ কে আনোয়ার বলেন, যোগ্য বলেই কেন্দ্র থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে গতকাল বেলা ১১টার দিকে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের সাবরাং এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নূর হোসেনের সমর্থকেরা। এই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে সোনা আলীকে। সোনা আলীর মনোনয়ন বাতিলের দাবিতে নূর হোসেনের সমর্থকেরা সড়কের দুই পাশে কয়েক শ কলাগাছ রোপণ করেন।
সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ হোসেন বলেন, সোনা আলী ভাসমান ব্যক্তি। তাঁকে এলাকার অধিকাংশ ভোটার চেনেন না। তাঁকে দলীয় প্রার্থী করলে নৌকার ভরাডুবি হবে। তাই মনোনয়ন পরিবর্তনের দাবিতে লোকজন কলাগাছ এনে সড়কে রোপণ করছেন।
সোনা আলী বলেন, ‘ইয়াবা ব্যবসায়ীকে মনোনয়ন না দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব যোগ্য প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ায় এলাকার মানুষ খুশি।’
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, হ্নীলা ও সাবরাং ইউনিয়নের দুজন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকেরা কক্সবাজার-টেকনাফ ও টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক অবরোধ করেন। বিকেল পাঁচটার দিকে পুলিশ অবরোধ সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।