আ.লীগের মনোনয়ন চাইবেন ফারুকের স্ত্রী

টাঙ্গাইল-৫ (সদর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন দুর্বৃত্তের হাতে নিহত আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ বলেন, ২০১৩ সালের ১৮ জানুয়ারি তাঁর স্বামী মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সন্ত্রাসমুক্ত দেশ গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফারুক আহমেদের খুনিচক্র অথবা নতুন কোনো অশুভশক্তি টাঙ্গাইলে যেন হত্যা-সন্ত্রাসের রাজনীতি করতে না পারে, সে জন্য তিনি টাঙ্গাইলকে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত করার কাজে আরও ভূমিকা রাখতে চান। তাই তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
ফারুক আহমেদের হত্যাকারীদের বিচারের দাবিতে নাহার আহমেদের নেতৃত্বে ২০১৪ সালের জুলাইতে আন্দোলন গড়ে ওঠে। হত্যাকাণ্ডের সঙ্গে টাঙ্গাইলের প্রভাবশালী খান পরিবারের চার সন্তান সাংসদ আমানুর রহমান খান (রানা) এবং তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খানের নাম উঠে আসে। ২০১৫ সালের অক্টোবরে জেলা আওয়ামী লীগের সম্মেলনে নাহার আহমেদকে দলের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।