আ.লীগের মনোনয়ন নিয়ে সাংসদ ও সভাপতির দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ ও ধরমপাশা) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন ওরফে রতন ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমানের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। তাঁরা পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গারও করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সুনামগঞ্জের চারটি উপজেলার ২৮টি ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে সাংসদ মোয়াজ্জেম হোসেনের নির্বাচনী এলাকায় ২৩টি ইউপি পড়েছে। তিনি জামালগঞ্জ ও ধরমপাশা উপজেলার কয়েকটি ইউপির দলীয় প্রার্থীদের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়টি তিনি দলীয় সভানেত্রীকে জানান। আগামী ৪ জুন ওই ২৮ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত রোববার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে সাংসদ এবং জেলা সভাপতির বক্তব্য শোনেন। একপর্যায়ে সেখানে সাংসদ মোয়াজ্জেম হোসেন জেলা সভাপতির বিরুদ্ধে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ তোলেন। মনোনয়নপ্রত্যাশী অনেকের নাম জেলা থেকে কেন্দ্রে পাঠানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তখন দুই নেতার মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। তাঁরা একে অপরকে বিষোদ্গার করে জামায়াতের সঙ্গে যোগাযোগ আছে বলে পাল্টাপাল্টি অভিযোগ করেন। তখন ওবায়দুল কাদের পরিস্থিতি সামাল দেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির সেখানে উপস্থিত ছিলেন।
এনামুল কবির বলেন, ‘বাগ্বিতণ্ডার একপর্যায়ে আমি সেখানে যাই। বিতর্কের ঊর্ধ্বে রাখতেই নেত্রী প্রার্থী মনোনয়নের সঙ্গে সাংসদদের যুক্ত করেননি—এ কথা সাংসদকে জানিয়ে এ বিষয়ে হস্তক্ষেপ না করতে অনুরোধ করি। কারও নাম কেন্দ্রে না এলে সেটি হয় তো তৃণমূল থেকেই দেওয়া হয়নি বলে জানাই।’
সাংসদ মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রার্থীদের ব্যাপারে আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নেই। উপজেলা থেকে জেলায় পাঠানো তালিকা থেকে কৌশলে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নাম বাদ দেওয়া হয়েছে। আমি কেন্দ্রীয় নেতাদের সামনেই মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ করেছি। আমি আওয়ামী লীগ করি, দলের নির্যাতিত নেতাদের কথা আমাকে বলতে হবে।’ তিনি আরও বলেন, ‘এর আগে মনোনয়ন-বাণিজ্যের কারণে সুনামগঞ্জের ২৬টি ইউপির মধ্যে ১৯টিতে ভরাডুবি হয়েছে। এখন আমার এলাকায় সেই ব্যবস্থা করা হয়েছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘তৃণমূলের মতামতের ভিত্তিতে দলের ত্যাগী, নিবেদিতপ্রাণ, আওয়ামী পরিবারের সদস্য দেখেই মনোনয়ন দেওয়া হয়েছে।’