আজ সোমবার, শোকের মাস আগস্ট শুরু। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনাসদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। ১৫ আগস্ট দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করবে জাতি। তবে বাংলাদেশ আওয়ামী লীগ আগস্ট মাসজুড়েই নানা কর্মসূচি ঘোষণা করেছে।
বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকীর মূল কর্মসূচি ১৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এবং ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করা হবে। আওয়ামী লীগের কর্মসূচি শুরু হয়ে গেছে গত রাত থেকেই। ১২টা ১ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বর সড়ক ধরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আলোর মিছিল বের করে ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। বাংলাদেশ কৃষক লীগ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি পালন করবে আজ বিকেলে। এরপর সেখানে কৃষকের কণ্ঠ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রায় প্রতিদিনই থাকছে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া, শোভাযাত্রা, দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি।
শোক দিবসের মূল আলোচনা সভা হবে ১৬ আগস্ট মঙ্গলবার বিকেল চারটায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে দেশবাসীকে সঙ্গে নিয়ে পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সব স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সব জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সব শাখার নেতাদের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে তা পালনের অনুরোধ জানিয়েছেন তিনি।