আ.লীগের মিছিলে পুলিশের পাহারা বিএনপিকে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে কুষ্টিয়ায় কেন্দ্রঘোষিত বিএনপির বিজয় মিছিলে বাধা দিয়েছে পুলিশ। অন্যদিকে জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের মিছিলে ছিল পুলিশের পাহারা।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ শমীম আরজু গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শহরের বড় বাজার থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে দলীয় নেতা-কর্মীরা মিছিল বের করেন। কিছুক্ষণের মধ্যে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে তাঁদের মিছিল না করার অনুরোধ জানায় এবং দ্রুত সেখান থেকে সরে যেতে বলে। এতে বিএনপির নেতা-কর্মীরা মিছিল না করেই চলে যান। এ সময় জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে দিনভর শহরে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পৌরসভার আয়োজনে খণ্ড খণ্ড মিছিল বের করা হয়। মিছিলে দলীয় নেতা-কর্মীরা হাতে পতাকা ও রং নিয়ে মেতে ছিলেন। বিকেলে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর নেতৃত্বে বিজয় মিছিল বের করা হয়। এ সময় মিছিলের পেছন দিকে ও আশপাশে মডেল থানার পুলিশের পাহারা ছিল।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, বিএনপির মিছিলে কোনো বাধা দেওয়া হয়নি। আনন্দ মিছিলের নামে যাতে কেউ নাশকতা না করতে পারে সে জন্য সতর্ক দৃষ্টি রাখা হয়েছিল।