নোয়াখালীর কবিরহাট পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ঘোষণা করলেও এখনো চূড়ান্ত করতে পারেনি বিএনপি। দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন ডজনের বেশি নেতা। এ অবস্থায় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন দলটির সাধারণ কর্মী-সমর্থকেরা।
গত বুধবার কবিরহাট পৌরসভার মেয়র পদে বর্তমান মেয়ার জহিরুল হক ওরফে রায়হানকে দলীয় প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। তিনি দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের (সদর ও সুবর্ণচর) সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ভাগনে।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার প্রথম আলোকে বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের আজ শুক্রবার নোয়াখালী আসার কথা রয়েছে। তিনি এলে পৌর ও উপজেলা নেতাদের সঙ্গে আলোচনা করে দলীয় প্রার্থী ঠিক করা হবে।
মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ১৩ জন। কাউন্সিলর পদের জন্যও প্রতিটি ওয়ার্ডে রয়েছেন একাধিক মনোনয়নপ্রত্যাশী। তবে মেয়র পদে তিন প্রার্থীর নাম বেশি আলোচনায় রয়েছে। তাঁরা হলেন পৌর বিএনপির সভাপতি ফখরুল ইসলাম ওরফে দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে মঞ্জু ও সহসভাপতি বেলায়েত হোসেন ওরফে খোকন। ফখরুল ইসলাম আগেও বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
প্রচারণার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নির্বাচন সামনে রেখে তিনি অনেক আগে থেকেই এলাকায় জনসংযোগ করছেন। দলীয় মনোনয়নের বিষয়ে তিনি আশাবাদী।
কবিরহাট পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। ভোট গ্রহণ করা হবে আগামী ২০ মার্চ।