আ.লীগের রাজনীতির দেউলিয়াপনার বহিঃপ্রকাশ ঘটছে: আসাদুল হাবিব
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের নানা কৌশলে ও চাপে ফেলে আওয়ামী লীগে যোগদানে বাধ্য করায় আওয়ামী লীগের রাজনীতির একধরনের দেউলিয়াপনার বহিঃপ্রকাশ ঘটছে। যাঁরা এ চাপের কাছে নতিস্বীকার করেছেন, তাঁদের মতো সুবিধাবাদী ও স্বার্থপর নেতারা দল ছেড়ে গেলেও দলের ক্ষতি হবে না। যাঁরা চাপ উপেক্ষা করে রাজনীতি ও গণতন্ত্রের স্বার্থে এখনো বিএনপিতে আছেন, তাঁরাই খাঁটি, তাঁরাই দলের শক্তি।
লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির বর্ধিত সভা ও বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন। আদিতমারী জিএস মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে গত বুধবার রাত সাড়ে নয়টায় ওই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সাপ্টিবাড়ী ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুস সোহরাব। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ।
এর আগে মহিষখোচা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী প্রধান অতিথি আসাদুল হাবিবের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
আসাদুল হাবিব বলেন, সারা দেশে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি করতেই শত শত মামলা দেওয়া হয়েছে। দলটির নেতা-কর্মীরা যখন হামলা ও মামলায় জর্জরিত ও বিপর্যস্ত, তখন রাজনৈতিকভাবে দেউলিয়া আওয়ামী লীগ বিএনপির নেতাদের ভয়ভীতি ও ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের লোভ দেখিয়ে দলে টানছেন, যা সার্বিক বিচারে গণতন্ত্র ও সেই দলের (আওয়ামী লীগ) ত্যাগী নেতা-কর্মী-সমর্থকদের প্রতি একধরনের অবিচার ও অবহেলা। যারা নিজেদের নেতা-কর্মীদের সঙ্গে এমন করতে পারে, তারা প্রতিপক্ষ দলের সঙ্গে কী আচরণ করবে, তা সহজে অনুমেয়।
প্রসঙ্গত, সম্প্রতি লালমনিরহাট-২ আসনের (আদিতমারী-কালীগঞ্জ) সাংসদ ও খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের হাতে নৌকা ও ফুলের তোড়া তুলে দিয়ে উপজেলা বিএনপির সভাপতি ও ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি ও মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। যদিও বিএনপি থেকে বলা হয়েছে, এই দুই নেতাসহ তাঁদের সঙ্গে আওয়ামী লীগে যোগদানকারীদের বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে ওই যোগদান অনুষ্ঠানে মোহাম্মদ আলী ও মোসাদ্দেক হোসেন চৌধুরী বলেছিলেন, তাঁরা কোনো রকম চাপে নয়, বরং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শ এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির টানেই আওয়ামী লীগে যোগ দিয়েছেন।