আ.লীগের লোকদের ধরলে দেশে শান্তি আসবে: খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ হলো জঙ্গির দল। জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে সন্দেহভাজন জঙ্গি ছাড়া গ্রেপ্তার হওয়া বাকিদের মুক্তির দাবি জানান তিনি।
গতকাল রোববার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এই দাবি জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ওই ইফতারের আয়োজন করা হয়।
খালেদা জিয়া বলেন, জঙ্গিবিরোধী অভিযানে ১৫ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার বিএনপির নেতা-কর্মী। বিএনপি জঙ্গি ধরার পক্ষে। জঙ্গি ছাড়া বাকি মানুষের মুক্তি দাবি করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে এই সব জঙ্গি। জঙ্গির দল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে দেশি-বিদেশি গোলাবারুদ ও অস্ত্র পাওয়া যায়। তাই এদের ধরলে সত্যিকার বিচার হবে, দেশে নিরাপত্তা ও শান্তি আসবে।’
নাইকো দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ দাবি করেন খালেদা জিয়া। তিনি সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি জানান।
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নিউজ টুড পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ ইফতারে অংশ নেন।