আ.লীগের সঙ্গে মাঠেই দেখা করতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, তাঁরা আওয়ামী লীগের সঙ্গে মাঠেই দেখা করতে চান। কিন্তু আওয়ামী লীগ তা চায় না। আওয়ামী লীগকে ‘র্যাব-পুলিশ ছাড়া’ মাঠে নামার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল রোববার বিকেলে নয়াপল্টনে মহানগর বিএনপির এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মির্জা আব্বাস।
ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর গতকাল এর তৃতীয় বৈঠক হলো। এতে মহানগরের ওয়ার্ড কমিটিগুলো গঠনের লক্ষ্যে ১৫টি কমিটি গঠন করা হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। শিগগির এ কমিটিগুলো কাজ শুরু করবে।
জানতে চাইলে মহানগর কমিটির সদস্যসচিব হাবিব-উন-নবী খান বলেন, ওয়ার্ড কমিটিগুলো পুনর্গঠন ও শক্তিশালী করার বিষয়ে কিছু আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে কোনো কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস। বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা আব্বাস বলেন, বিএনপি জনগণের দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। আজকের সভাটি আন্দোলনের অংশ। তিনি বলেন, ‘এ কথা ঠিক যে এসি রুমে বসে আন্দোলন হয় না। তবে যাঁরা এ কথা বলেন, তাঁরা এসি রুমে বসেই দেখছেন। বাইরে আসেন না।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের এক বক্তব্যের জবাবে আব্বাস বলেন, ‘আপনারা একটা মিটিং দেন, আমরা একটা দেব। ঝগড়া-বিবাদ করার কিছু নাই। জনপ্রিয়তা দেখার জন্য একটা নির্বাচন দেন। মাঠ তো সেটা।’
বৈঠকে অন্যদের মধ্যে মহানগর কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম মিয়া, আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।