আ.লীগের সঙ্গে 'সমঝোতা' দুর্বল প্রার্থী বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) পঞ্চম ধাপের নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি ইউপিতে কোনো ‘যোগ্য প্রার্থী’ খুঁজে পায়নি বিএনপি। এদিকে দলীয় প্রার্থী নির্বাচনে স্বজনপ্রীতি ও আওয়ামী লীগের সঙ্গে ‘সমঝোতা করে’ দুর্বল প্রার্থী দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

২৮ মে উপজেলার ১০টি ইউপিতে ভোট হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে উপজেলা বিএনপি নয়টিতে একক প্রার্থী বাছাই করে নামের তালিকা কেন্দ্রে পাঠিয়েছে। কিন্তু সনমান্দি ইউপিতে দলীয় কোনো প্রার্থী পাওয়া যায়নি।

পিরোজপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি এ ইউপিতে পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান। ১৩ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। কিন্তু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নানের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খারাপ থাকায় আমার নাম কেন্দ্রে পাঠানো হয়নি। আওয়ামী লীগের সম্ভাব্য দলীয় প্রার্থী তাঁর (আজহারুল) আত্মীয় হওয়ায় তিনি একজন দুর্বল প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছেন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছেন।’

উপজেলার নোয়াগাঁও, শম্ভুপুরা, বারদি ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা বলেন, এ চারটি ইউপিতে এমন দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে, যাঁরা গত নির্বাচনে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছিলেন। আবার দুটি ইউপিতে এমন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে, যাঁদের ভোটাররা চেনেনই না।

উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর বলেন, আটটি ইউপিতে একেবারে দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে। তাঁদের জয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য স্থানীয় সাবেক সাংসদ রেজাউল করিম বলেন, ‘আমাদের কারও সঙ্গে আলাপ-আলোচনা না করেই দলের সাধারণ সম্পাদক দুর্বল প্রার্থীদের মনোনয়নের জন্য সুপারিশ করেছেন।’

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নান বলেন, ‘প্রার্থী বাছাইয়ে কোনো স্বজনপ্রীতি করা হয়নি। জনপ্রিয় অনেক প্রার্থী নির্বাচন করতে আগ্রহ প্রকাশ না করায় তাঁদের নাম কেন্দ্রে পাঠানো হয়নি। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্নই ওঠে না।’