আ.লীগের সন্ত্রাসী তৎপরতা এখন তুঙ্গে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা এখন তুঙ্গে। সব পৌরসভার মেয়র পদ ছিনিয়ে নেওয়ার কুমতলবে ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর সশস্ত্র হামলা তা জাতির সামনে স্পষ্ট।

গতকাল বুধবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা কৃষক দলের সহসভাপতি নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা ও রাতে দিনাজপুরের বিরামপুরে দলের মেয়র পদপ্রার্থী আজাদুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

বিবৃতিতে নজরুল ইসলামের হত্যাকারী ও আজাদুলের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মির্জা ফখরুল।

শামসুজ্জামানের সংবাদ সম্মেলন: গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তাঁর উপদেষ্টা শামসুজ্জামান দুদু এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তিনি সরকারের অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অংশ। এরশাদ বলেছেন, সকাল নয়টার মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে। যদি তা-ই হয়, সেটা মারাত্মক একটা বিষয়। আমরা অনুরোধ করব, প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিষয়টা পরিষ্কার করার জন্য।’

পৌর নির্বাচন নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়। শামসুজ্জামান বলেন, গতকাল দুপুরে ধামরাই পৌরসভার বিএনপির প্রার্থী নাজিমউদ্দিনকে মারধর ও ভোলার ৯ নম্বর ওয়ার্ডে আবদুল মান্নান, কলিমুল্লাহসহ তিনজনকে আহত করা হয়। এ ছাড়া কুমিল্লার লাকসাম, চৌদ্দগ্রাম, চান্দিনা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, বগুড়া, মুন্সিগঞ্জে প্রচারে বাধার ঘটনা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন, শামীমুর রহমান, আসাদুল করিম, তাইফুল ইসলাম, আবদুল আউয়াল খান প্রমুখ।