আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এবারের সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির আকার কিছুটা বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে গতকালের বৈঠকে। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্যসংখ্যা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
বৈঠকে দলের উপদেষ্টা পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। উপস্থিত একাধিক নেতা জানান, দলের সভাপতিমণ্ডলীর সদস্যসংখ্যা ১৫ থেকে ১৯ করার প্রস্তাব দিয়েছে গঠনতন্ত্র সংশোধনে গঠিত উপকমিটি। এ ছাড়া যুগ্ম সম্পাদকের পদ দুটি ও সাংগঠনিক সম্পাদক প্রশাসনিক বিভাগ সৃষ্টির সঙ্গে সামঞ্জস্য রেখে করার প্রস্তাব করা হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনা প্রথমে কমিটির আকার বেশি বৃদ্ধি না করার পক্ষে ছিলেন। পরে অবশ্য ৮১ সদস্যের বিষয়ে তিনি কিছুটা সম্মতি দেন। বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া দলের ওয়ার্ড থেকে জেলা পর্যায়ের কমিটির আকারও কিছুটা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া দলে প্রশিক্ষণবিষয়ক ও আলেম-ওলামাদের নিয়ে জঙ্গিবাদবিরোধী সেল করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত নেতারা জানান, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে যাঁরা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হিসেবে প্রার্থী হয়েছিলেন, যাঁরা বিদ্রোহীদের সমর্থন করেছিলেন, তাঁদের বহিষ্কার করা হয়েছিল। সম্মেলন উপলক্ষে তাঁদের সাধারণ সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে, যাতে তাঁরা সম্মেলনে অংশ নিতে পারেন।
বার্তা সংস্থা বাসস জানায়, বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকদের সবচেয়ে বড় অপরাধী ও রাজাকার হিসেবে বর্ণনা করে এদের বিচারে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যারা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে, তাদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছে এবং ভোট চুরি করে যারা বঙ্গবন্ধুর খুনিদের সংসদে বসিয়েছে, তারাই সবচেয়ে বড় অপরাধী ও রাজাকার। শেখ হাসিনা আরও বলেন, ‘তারা মানবতাবিরোধী এবং বাংলাদেশের মাটিতে তাদের বিচার হওয়া উচিত। তাদের বিচারে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
টুঙ্গিপাড়ায় নিজের গ্রামে স্বাধীনতাবিরোধীদের নির্যাতন ও লুটপাটের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘রাজাকার-আলবদর আমাদের গ্রামের বাড়িতে বারবার হামলা চালিয়েছে। মুক্তিযুদ্ধের সময় দেশের শহর ও গ্রামের সব জায়গায় তাদের লুটপাট চালানোর দৃশ্য ছিল একই। কিন্তু আমার প্রশ্ন, একটি গোষ্ঠী কেন তাদের জন্য মায়াকান্না করছে?’