আ.লীগের সভায় না যাওয়ায় প্রধান শিক্ষককে চিঠি
আওয়ামী লীগের সভায় যোগদান না করায় পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারমিন সুলতানা ওরফে শামীমাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইব্রাহিম ফারুকের নির্দেশে ওই সভা ডাকা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, জাতির জনকের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আওয়ামী লীগ নেতা ইব্রাহিম নাজিরপুর ইউনিয়নের দলীয় নেতা-কর্মীদের নিয়ে গত ১৩ আগস্ট প্রস্তুতি সভা করেন। ইব্রাহিমের বরাত দিয়ে ১২ আগস্ট দক্ষিণ ধানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর মুঠোফোনে ওই ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে ওই সভায় উপস্থিত থাকার জন্য বলেন।
প্রধান শিক্ষক সারমিন সুলতানা বলেন, সভার বিষয়টি লিখিত বা অন্য কোনোভাবে তাঁকে জানানো হয়নি।