আ.লীগের সমর্থক বলে ডিলার হলেন তিনি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের কর্মচারী তিনি। কাজ করেন কম্পিউটার অপারেটর হিসেবে। তবু তিনি নিয়োগ পেয়েছেন হতিদরিদ্রদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ডিলার হিসেবে। গত ১৮ সেপ্টেম্বর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাঁকে নিয়োগ দেন।
স্থানীয় ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউপি কার্যালয়ে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন। তাঁর বাড়ি নারায়ণপুর এলাকায়। সরাসরি রাজনীতি না করলেও তিনি আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত।
ওই সূত্র জানায়, গত ১৮ সেপ্টেম্বর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাঁকে (নজরুল) ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য ডিলার হিসেবে নিয়োগ দেন। ওই এলাকার ৪৩৫ জন হতদরিদ্রের চাল বিক্রির দায়িত্ব পান তিনি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, সরকারি নিয়ম অনুযায়ী খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হতে হলে ওই ব্যক্তি সরকারি বা স্বায়ত্তশাসিত কার্যালয়ের কর্মচারী কিংবা জনপ্রতিনিধি হতে পারবেন না। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, নিয়ম লঙ্ঘন করে ওই ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় এটি করা হয়েছে। এটা ঠিক নয়।
এ বিষয়ে ডিলার নজরুল ইসলাম বলেন, তাঁর চাকরি এখনো স্থায়ী হয়নি। আওয়ামী লীগের সমর্থক হওয়ায় তাঁকে ওই কাজে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মহিউদ্দিন বলেন, একজন ব্যক্তির সব পরিচয় যাচাই করে ডিলার নিয়োগ করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে ভুলত্রুটি হতে পারে। আওয়ামী লীগের লোক হওয়ায় ওই ব্যক্তিকে ডিলার বানানো হয়েছে। এ ছাড়া তাঁর চাকরি এখনো স্থায়ী হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ বিষয়টি তিনি জানতেন না। এখন খোঁজখবর নিয়ে দেখবেন।