আ.লীগের সমর্থন পেতে ১৪ জনের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেতে আবেদন করেছেন ১৪ জন। দলীয় সূত্র এ কথা জানিয়েছে।
গতকাল জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোট গ্রহণ করা হবে আগামী ২৮ ডিসেম্বর। চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ভোটারের সংখ্যা ২ হাজার ৭৫০।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রথম আলোকে বলেন, নির্দলীয় এই নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই। তবে দলের সমর্থন পেতে চট্টগ্রাম থেকে ১৪ জন আবেদন করেছেন। আবেদনকারীরা জীবনবৃত্তান্ত সংযুক্ত করে দিয়েছেন। সব আবেদনকারীর তথ্য যাচাই করে দেখা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম দলের সমর্থন চেয়ে আবেদন করেছেন। এ ছাড়া দলীয় সমর্থন চেয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজউদ্দৌলা চৌধুরী, সদস্য আবুল হাশেম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই সহসভাপতি আবুল কালাম চৌধুরী ও শামসুল হক।
দলের সমর্থন পেতে আগ্রহী মোছলেম উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। কখনো আদর্শচ্যুত হইনি। দল আমাকে সমর্থন দিলে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকব। অন্য কেউ সমর্থন পেলে আমি তাঁর জন্য কাজ করব।’
বর্তমান প্রশাসক এম এ সালাম বলেন, ‘আমি প্রশাসক হিসেবে প্রায় পাঁচ বছর কাজ করেছি। দায়িত্ব পালনের সময় সমতাবিধানের ভিত্তিতে জেলার উন্নয়ন করেছি। আমার সততা ও কর্মকাণ্ড বিবেচনা করে দল আমাকে সমর্থন দেবে বলে আশা করছি।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চৌধুরীও জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে দলের মনোনয়ন পেতে আগ্রহী। তিনি বলেন, ‘জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলের সমর্থন পেতে আবেদন করেছি। দলের সিদ্ধান্ত আমি মেনে নেব।’