নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত শনিবার সকালে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন। সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান। বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাংসদ রেবেকা মমিন, ছবি বিশ্বাস, ইফতেকার উদ্দিন পিন্টু, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ। সম্মেলনে লতিফুর রহমানকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মো. শহীদ ইকবালের নাম ঘোষণা করা হয়।