আ.লীগের সম্মেলন গণতন্ত্র ফেরাবে, আশা ফখরুলের

গণতন্ত্র ফিরিয়ে আনতে আওয়ামী লীগের সম্মেলন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজের মৃত্যুতে ঢাকায় দেশটির দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর শেষে আজ দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি আওয়ামী লীগের সম্মেলনকে স্বাগত জানায়। এখনো তাঁরা ওই সম্মেলনে আওয়ামী লীগের তরফ থেকে আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ পেলে তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, বিএনপি প্রত্যাশা করে, আওয়ামী লীগের এ সম্মেলন গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বারবার এই দলটিই গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে।
আরেক প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম আলমগীর বলেন, দারিদ্র্য দূরীকরণে সব সরকার এবং গ্রামীণ ব্যাংক, ব্র্যাকসহ বিভিন্ন উন্নয়ন সংস্থারও ভূমিকা রয়েছে।