আ.লীগের সম্মেলনে আসছেন ১২ দেশের ৫৬ প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ১২টি দেশের ৫৬ জন বিদেশি অতিথি অংশ নেবেন। এর মধ্যে বেশির ভাগ প্রতিনিধিই চীন ও ভারতের। এই দুই দেশের প্রতিনিধিদের বক্তৃতা দেওয়ারও সুযোগ দেওয়া হবে। ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিও থাকবেন সম্মেলনে।

গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের ২০তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি কমিটির সভায় এ তথ্য জানানো হয়। বৈঠকে উপস্থিত অন্তত চারজন নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এ সভায় সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক সূত্র জানায়, সম্মেলন উপলক্ষে গঠিত ১১টি উপকমিটি তাদের প্রতিবেদন তুলে ধরে বৈঠকে। গঠনতন্ত্র উপকমিটি দলের কেন্দ্রীয় কমিটি ৮১ সদস্যবিশিষ্ট করার প্রস্তাব দেয়। দলীয় সভাপতি এর সঙ্গে সংগতি রেখে জেলা, উপজেলা ও থানা কমিটিরও আকার বৃদ্ধির পরামর্শ দেন। জবাবে কমিটির পক্ষ থেকে জেলা কমিটি ৭৫, থানা ৭১ ও ইউনিয়ন ৬৯ সদস্যের কমিটি গঠনের সুপারিশ দেওয়া হয়েছে।

২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহা জানান, সম্মেলনে যোগ দিতে ভারতের জাতীয় কংগ্রেসের তিন নেতা ঢাকা আসছেন। তাঁরা হলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী গোলাম নবী আজাদ, পশ্চিমবঙ্গ কংগ্রেসের সাবেক সভাপতি ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং পশ্চিমবঙ্গের আরেক সাংসদ মৌসম বেনজির নূর। এ ছাড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আসবেন বলে জানা গেছে।

কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, জাতীয় কংগ্রেসের তিন প্রতিনিধি আসন্ন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিচ্ছেন। বাংলাদেশের সঙ্গে থাকা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদার করাই তাঁদের মূল লক্ষ্য।