আ.লীগের সম্মেলনে কাউন্সিলর হাসিনা-রেহানা-সায়মা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা এবং তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিলর হিসেবে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দেবেন। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহে আলম মুরাদ প্রথম আলোকে বলেন, ‘এবারের সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের ১৬৮ জন কাউন্সিলরের তালিকা কেন্দ্রে জমা দিয়েছি। সম্মান করে আমরা এই তালিকায় প্রধানমন্ত্রী, রেহানা আপা এবং সায়মা ওয়াজেদ পুতুলকে কাউন্সিলর করেছি। তাঁদের মহানগর দক্ষিণের কাউন্সিলর করতে পেরে আমরা গর্বিত।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কাউন্সিলর হিসেবে দলটির সম্মেলনে যোগ দেবেন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এ বিষয়ে জানতে চাইলে মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান বলেন, ‘ববি ঢাকা মহানগর উত্তর এলাকার বাসিন্দা। এ জন্য তাঁকে মহানগর উত্তরের কাউন্সিলর মনোনীত করা হয়েছে।’
এর আগে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় রংপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিলর হিসেবে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দেবেন বলে জানানো হয়।