আ.লীগের সম্মেলনে খালেদা জিয়া ও ফখরুলকে আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানিয়েছে দলটি। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল খালেদা জিয়া ও ফখরুল ইসলাম আলমগীরের জন্য দুটি আমন্ত্রণপত্র নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যায়। তাঁরা মির্জা ফখরুলের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।

কাউন্সিলে বিএনপি যাবে কি না, জানতে চাইলে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা আওয়ামী লীগকে ধন্যবাদ জানাচ্ছি। দাওয়াত পেয়েছি, যাওয়ার বিষয়ে আমরা দলীয় ফোরামে সিদ্ধান্ত নেব।’

মির্জা ফখরুল গত ১৯ মার্চ বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগের কেউ যোগ না দেওয়ায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সরকার বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। তারপরও আমরা আশা করেছিলাম, অন্যান্য রাজনৈতিক দল যেভাবে এসেছিলেন, তাঁরাও আসবেন।’

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ৭ অথবা ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর জন্য তারা কর্তৃপক্ষের অনুমতি চাইবে।