আ.লীগের সম্মেলনে থাকবেন দুই হাজার স্বেচ্ছাসেবক
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে শৃঙ্খলা রক্ষায় নিয়মিত বিভিন্ন বাহিনীর পাশাপাশি দুই হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথগুলোকে ১ অক্টোবর থেকেই সার্বক্ষণিক আইপি-সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
গতকাল শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগের সম্মেলনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে কঠোর দৃষ্টি রাখা হবে। এই কাউন্সিলের মধ্য দিয়ে আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে। তিনি বলেন, ‘আমাদের প্রাণের দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সব ধরনের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় যাকে যে দায়িত্ব দেওয়া হবে, তা যথাযথভাবে পালন করতে হবে। সম্মেলনে দেশি-বিদেশি অতিথিরা থাকবেন। একটি শৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পারলে সম্মেলন সার্থক হবে।’
সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সদস্যসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দুই হাজার সদস্যের সমন্বয়ে নিরাপত্তা ও শৃঙ্খলার কর্মকাণ্ড পরিচালিত হবে।
উপকমিটির সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সাংসদ আসলামুল হক, ছাত্রলীগের সাবেক নেতা ইসহাক আলী খান পান্না, বাহাদুর ব্যাপারী প্রমুখ।