আ.লীগের সম্মেলনে বিশুদ্ধ রক্ত সঞ্চালন হবে: কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ রক্তের সঞ্চালন হবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলীয়প্রধান শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, ‘নবীন-প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলনে আমাদের নেত্রী শেখ হাসিনা বিশুদ্ধ রক্তের সঞ্চালন করবেন। অনেক পার্টি তরুণদের নেতৃত্বে এনে বড়াই করেন। দূষিত রক্ত সঞ্চালন করে লাভ নেই। বিশুদ্ধ রক্ত সঞ্চালন আওয়ামী লীগে হবে। নতুন রক্ত মানে বিশুদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে।’
সভায় বিপুলসংখ্যক বক্তা থাকার বিষয়টি উল্লেখ করে ওবায়দুল কাদের মহানগর আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন, একটা মিটিং যখন করবেন, একটু সাজিয়ে নেবেন। কারা কারা বক্তব্য দেবেন, কে কতক্ষণ বলবেন, এই বিষয়গুলোর আলাপ-আলোচনার দরকার আছে।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘উন্নয়ন অগ্রগতিতে নেত্রী ডিজিটালাইজেশন করেছেন। আমাদের আচার-আচরণে ডিজিটাল হওয়ার প্রয়োজন নেই। আওয়ামী লীগের ঐতিহ্য সিনিয়রদের সম্মান করা, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা। আচার-আচরণে অ্যানালগ হতে হবে। উন্নয়ন অর্জন ডিজিটালে থাক, আমাদের আচার-আচরণ অ্যানালগ থাকুক।’
সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার ৭০তম জন্মদিনে আমি বলতে চাই, বাংলাদেশকে বঙ্গবন্ধুকন্যা ৭০ বছর উন্নয়ন অর্জনে এগিয়ে নিয়ে গেছেন।’