আ.লীগের সম্মেলনে ৫৫ বিদেশি অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত, চীন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ ১১টি দেশের প্রায় ৫৫ জন অতিথি যোগ দিচ্ছেন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে। গতকাল শুক্রবার বিদেশি অতিথিদের অনেকেই ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন চীন ও ভারতের প্রতিনিধিদলের সদস্যরা। সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আমন্ত্রিত অতিথিদের সৌজন্যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বিদেশি অতিথিদের দেখভালের দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগের তরুণ সাংসদেরা।

বিদেশি অতিথিদের মধ্যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি থাকছেন ২৫ জন। তাঁদের মধ্যে আছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সহসভাপতি সাংসদ বিনয় প্রভাকর ও সাংসদ অভিনেত্রী রূপা গাঙ্গুলি, জাতীয় কংগ্রেসের নেতা ও রাজ্যসভায় বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, মৌসুম নূর ও অভিজিৎ মুখার্জি, কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য বিমান বসু, তৃণমূল কংগ্রেসের নেতা পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, ফরওয়ার্ড ব্লকের দেবব্রত বিশ্বাস, ত্রিপুরা বিজেপির সভাপতি বিপ্লব কর দেব, আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সর্বভারতীয় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আবদুস সবুর তপাদার, আসাম গণপরিষদের নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত, মণিপুর পিপলস পার্টির সভাপতি নংমেইকাপম শোভা কিরণ সিং, মেঘালয়ের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ মজিদ মেমন, মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতা সাবেক মুখ্যমন্ত্রী জরামথাংগা।

চীন থেকে এসেছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ঝেং জিয়াওসং, ডিরেক্টর জেনারেল ইয়ান ঝিবিন, ডেপুটি ডিরেক্টর জিয়া পেং ডি, কাও ঝিগাং এবং গাও মিন। কানাডা থেকে এসেছেন রক্ষণশীল দলের নেতা দীপক ওভরাই।

যুক্তরাজ্যের অতিথিরা হলেন ওয়েলসের লেবার পার্টির জেনি রাথবোন এবং কার্ডিফের সিটি কাউন্সিলর দিলওয়ার আলী, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের হিউ ম্যাকডারমট ও লেবার পার্টির মানিনদেরজিৎ সিং। ইতালির ডেমোক্রেটিক পার্টির পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ইউগো পাপি এবং সাংসদ খালিদ চাওকি। ভুটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী দীনা নাথ ডুনগেল এবং দ্রুক ফিউয়েনসাম সোগপা। অস্ট্রিয়ার মিসেস ফুকস্, ইউনাইটেড রাশিয়ার সের্গেই ঝেলেজনিয়াক, ভ্যালেরিয়া গোরোখোভা, রিপাবলিকান পার্টি অব রাশিয়ার আলেক্সান্ডার পোটাপভ।

অতিথিদের মধ্যে শ্রীলঙ্কার ধর্মমন্ত্রী এ এইচ মোহাম্মদ হাশিম, আইটিএকের নেতা শান্তি শ্রীকানদারসা ও শ্রীলঙ্কান ফ্রিডম পার্টির নেতা জগৎ পুস্পকুমারা, নেপালের কমিউনিস্ট পার্টির নেতা ও নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিসহ কয়েকজন নেতা রয়েছেন।