আ.লীগের সম্মেলনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন করার জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান।
সৈয়দ আশরাফ বলেন, বড় কোনো দুর্ঘটনা না ঘটলে আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে। সেখান থেকে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে।
এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, নেতৃত্বে কারা আসছেন, কতজনের কমিটি হবে, সেটি এখন জানার কোনো সুযোগ নেই। সেটি সম্মেলনেই জানা যাবে, সেখানেই নেতা নির্বাচিত হবেন। তাই আওয়ামী লীগের নেতৃত্বে কে আসছেন, সেটি জানতে সম্মেলন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দুই ধাপের প্রাণহানির বিষয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা দলের পক্ষ থেকে প্রতিবেদন দেব। পুরো নির্বাচন শেষ হোক, তখনই সেটি দেওয়া হবে। এখন যেহেতু নির্বাচন চলমান, তাই নির্বাচনের ওপর কোনো ধরনের প্রভাব পড়ুক, সেটি আমরা চাই না।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দলের জাতীয় সম্মেলন সফল করতে একটি প্রস্তুতি কমিটি ও ১১টি উপকমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান হচ্ছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সৈয়দ আশরাফুল ইসলাম হলেন সদস্যসচিব। দলের কেন্দ্রীয় কমিটির সব নেতা এ কমিটির সদস্য।
১১টি উপকমিটির মধ্যে মোহাম্মদ নাসিম অভ্যর্থনা উপপরিষদের, কাজী জাফর উল্লাহ অর্থ উপপরিষদ, শেখ ফজলুল করিম সেলিম ঘোষণাপত্র উপপরিষদ, আব্দুর রাজ্জাক গঠনতন্ত্র উপপরিষদ, ওবায়দুল কাদের দপ্তর উপপরিষদ, এইচ টি ইমাম প্রচার ও প্রকাশনা উপপরিষদ, আবুল হাসানাত আবদুল্লাহ স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপপরিষদ, জাহাঙ্গীর কবির মঞ্চ ও সাজসজ্জা উপপরিষদ, আসাদুজ্জামান নূর সাংস্কৃতিক উপপরিষদ, মোফাজ্জল হোসেন চৌধুরী খাদ্য উপপরিষদ ও মোস্তফা জালাল মহিউদ্দীন স্বাস্থ্য উপপরিষদের আহ্বায়ক।