আ.লীগের সম্মেলনের খরচ নিয়ে প্রশ্ন তুললেন নোমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল ব্যয়ে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হচ্ছে উল্লেখ করে বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান বলেছেন, এত বড় সম্মেলন, এত জৌলুশ সৃষ্টির সম্মেলন যে সারা শহর জ্বলজ্বল করছে। কিন্তু এ বাতি তো মানুষের মনের আগুন নেভাতে পারবে না।

গতকাল বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রয়াত আ স ম হান্নান শাহর স্মরণসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ কথা বলেন। সরকারের উদ্দেশে নোমান বলেন, ‘আপনারা বড় সম্মেলন করছেন, বিশাল গেট করছেন, কোটি কোটি টাকা খরচ করছেন। কিন্তু এ সম্মেলন জনগণের কাছে কীভাবে প্রতিভাত হচ্ছে সেটা যদি একবার সার্ভে (জরিপ) করে দেখেন, তা হলে বুঝবেন জনগণের প্রতিক্রিয়া। গেটটা দেখেই মানুষ বলছে, হায়রে আমাদের টাকায়, দুর্নীতির টাকায় এ সম্মেলন হচ্ছে। এটা মানুষের মনের কথা।’

‘আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করছে। কিন্তু তারা সমগ্র শহর নিয়ে নিচ্ছেন’ এমন অভিযোগ করে নোমান গত মার্চে বিএনপির জাতীয় কাউন্সিলের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘বিএনপির যখন সম্মেলন হলো, তিন দিন আগেও আমরা জানতাম না কোথায় হবে।’

ইয়ুথ ফোরামের উপদেষ্টা মেজর অব. মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।