আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকদের সংখ্যা ১০০-তে সীমিত থাকবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সম্মেলন হলে কেউ আর সহসম্পাদক থাকবেন না। এই জন্য যাঁরা সহসম্পাদক হতে ইচ্ছুক, তাঁদের দপ্তরে সিভি জমা দিতে হবে। এবার যোগ্যতা দেখে, ত্যাগ ও বাছবিচার করে সহসম্পাদকদের সংখ্যা ১০০-এর মধ্যে সীমিত রাখব। এর বেশি সহসম্পাদক করার সুযোগ নেই।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির সভায় সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। উপকমিটির সভায় আগামী ৩০ মের মধ্যে দলটির সাংগঠনিক জেলাগুলো থেকে কাউন্সিলরের সংখ্যা পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের বিশেষ পরিস্থিতিতে সহসম্পাদকদের তালিকা দীর্ঘ হয়ে গেছে। এখন আওয়ামী লীগ অফিসের কোনো তরুণের সঙ্গে ধাক্কা লাগলেই বলে, আমি সহসম্পাদক। কিসের সহসম্পাদক? আওয়ামী লীগের সহসম্পাদক।’ তিনি বলেন, সহসম্পাদক যেভাবে ব্যাঙের ছাতার মতো বেড়ে গেছে, এতে কারও মর্যাদা নেই। প্রত্যেক উপকমিটির সহসম্পাদক জেলায় গিয়ে মাতব্বরি করে, উপজেলায় গিয়ে দাপট দেখায়। এ জন্য কিন্তু সহসম্পাদক করা হয়নি। বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকের সংখ্যা ৪৬৭।
ওবায়দুল কাদের বলেন, ‘এই মুহূর্তে আমাদের অভিন্ন শত্রু হচ্ছে সাম্প্রদায়িক উগ্রবাদ। এই অভিন্ন বিপদ মোকাবিলায় জনগণকে নিয়ে অভিন্ন ক্ষেত্র তৈরি করতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই সাম্প্রদায়িক উগ্রবাদকে রুখতে হবে।’ তিনি বলেন, ‘এই মুহূর্তে বিএনপি আমাদের প্রতিপক্ষ হিসেবে সবল পার্টি না, যাকে মোকাবিলা করা আমাদের জন্য দুরূহ। বিএনপির আন্দোলন, তাদের কর্মসূচি সাত-আট বছর ধরে দেখছি—প্রেস ব্রিফিংয়ের মধ্যে তাদের অ্যাকশন সীমিত।’
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।