আ.লীগের সেই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও দলের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। জামায়াত-সমর্থিত একমাত্র প্রার্থী নাহিদুল ইসলাম গতকাল সোমবার ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আতিকুর রহমানের কার্যালয়ে হাজির হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে ফিরোজ আলমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
নাম প্রকাশ না করার শর্তে শাজাহানপুর উপজেলা জামায়াতের একাধিক নেতা দাবি করেন, নানা ভয়ভীতি দেখিয়ে এবং চাপে ফেলে নাহিদুল ইসলামকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের পর স্বতন্ত্র প্রার্থী নাহিদুল ইসলাম বলেন, ‘কারও চাপে পড়ে নয়, ব্যক্তিগত কারণে, স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’
শাজাহানপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আশেকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের প্রার্থী ফিরোজ আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুল ইসলাম।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থীর লোকজনের বাধায় মনোনয়নপত্র দাখিল করতে পারেননি বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী সাকিদার। ইদ্রিস আলী বর্তমানে ওই ইউনিয়নের চেয়ারম্যান। নাশকতার মামলায় কারাগারে থাকায় তাঁর স্ত্রী আলেয়া বেগম তাঁর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়ে মনোনয়নপত্র কেড়ে নিয়ে তা ছিঁড়ে ফেলেন।
আবুল বাশার ওই সময় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, একমাত্র স্বতন্ত্র প্রার্থী নাহিদুল ইসলামকেও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে সরকারি দলের লোকজন।
শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুর রহিম গতকাল বলেন, নাহিদুল ইসলাম জায়ামাত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তিনি চাপের মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের মুঠোফোনে একাধিকার যোগাযোগ করা হলেও তিনি সংযোগ কেটে দেন।
ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আতিকুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী নাহিদুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আর কেউ প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় এখন আওয়ামী লীগের প্রার্থী ফিরোজ আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।