আ.লীগের হরতালবিরোধী মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট, পুরানা পল্টন এলাকায় হরতালবিরোধী মিছিল করে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও জাতীয় শ্রমিক লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহানগর আওয়ামী লীগের হরতালবিরোধী অবস্থানকালে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘জামায়াতের এ হরতাল পিঠ বাঁচানোর হরতাল। ফাঁসি থেকে বেঁচে যাওয়া রায়ে আনন্দিত হয়ে তারা এ হরতাল দিয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এ রায় মেনে নিতে পারছি না। দেশের সাধারণ মানুষও এ রায় মেনে নেয়নি।’
জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ হরতালবিরোধী সমাবেশ করে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এ রায়ে আমরা খুশি হইনি। তবে আপিল বিভাগের রায় মেনে নিয়েছি।’
যুবলীগের হরতালবিরোধী মিছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু হয়ে পুরানা পল্টন, মুক্তাঙ্গন প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। কারওয়ান বাজার এলাকায় মহানগর উত্তর যুবলীগ হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করে।