আ.লীগের ২৩ কেন্দ্রীয় নেতা কুমিল্লা যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানার পক্ষে প্রচার চালাতে যাচ্ছেন দলটির ২৩ জন কেন্দ্রীয় নেতা। এ জন্য একটি কমিটি গঠন করে কেন্দ্রীয় নেতাদের ওয়ার্ডভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। প্রার্থীর পক্ষে শুধু প্রচার-প্রচারণা নয়, দলটির নেতারা সেখানে স্থানীয় আওয়ামী লীগের মধ্যকার দ্বন্দ্ব নিরসনেও কাজ করবেন।
জানতে চাইলে কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে জয় যেন নৌকার পক্ষে আনতে পারি, সেটা নিশ্চিতের জন্য আমরা সেখানে যাব।’ কুমিল্লায় দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব জায়গাতেই কিছু না কিছু গোলমাল আছে। সেখানে যে গোলমাল আছে, তা আমরা সমাধানের চেষ্টা করব।’
দলীয় সূত্র বলেছে, কমিটিতে কাজী জাফর উল্লাহকে প্রধান সমন্বয়কারী ও দলের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২১ নেতার মধ্যে নির্বাচনী এলাকার ওয়ার্ডভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। মন্ত্রী কিংবা সাংসদ নন, এমন নেতাদেরই এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।