আ.লীগের ২৮ জন বিদ্রোহীকে বহিষ্কার
সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট, টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২৮ জনকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। গত শুক্র ও গতকাল শনিবার এই বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
দ্বিতীয় দফায় ৩১ মার্চ ওই সব ইউপিতে ভোট গ্রহণ করা হবে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী ১১ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মজনু মিয়া, গেদা মিয়া, আবুল হোসেন ও আফজাল হোসেন, তেলিখাল ইউপির আবদুল হক ও কাজী আবদুল ওদুদ ওরফে আলফু, উত্তর রণিখাই ইউপিতে ফরিদ মিয়া, পূর্ব ইসলামপুর ইউপিতে ইলিয়াছুর রহমান ও দক্ষিণ রণিখাই ইউপিতে রোকন উদ্দিন। গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউপিতে আবুল কাশেম মো. আনোয়ার শাহদত ও পূর্ব জাফলং ইউনিয়নে লুৎফুর রহমান ওরফে লেবু।
টাঙ্গাইল: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, ভূঞাপুর উপজেলার বহিষ্কৃতরা হলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নিকরাই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল মোতালেব সরকার, তাঁর ছোট ভাই নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী মো. আমিনুল ইসলাম ওরফে আমিন, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী মো. রহিজ উদ্দিন আকন্দ, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী মো. লিটন মিঞা, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিদ্রোহী প্রার্থী মো. মর্ত্তুজ আলী, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বিদ্রোহী প্রার্থী সাইফুজ্জামান খান, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিদ্রোহী প্রার্থী মো. আকবর হোসেন এবং আওয়ামী লীগের নেতা বিদ্রোহী প্রার্থী মফিদুল ইসলাম ওরফে লিটন।
গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার বলেন, গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হওয়ায় থানা আওয়ামী লীগের সদস্য আইয়ুব খান, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সদস্য শামসুল ইসলাম, হেমনগর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য রওশন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জুলফিকার খান, হাদিরা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদের তালুকদার ও আমিনুল ইসলাম এবং ধোপাকান্দি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জুড়ী (মৌলভীবাজার): পূর্ব জুড়ী ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দলের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম ও ১ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি রহমত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি আদর উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুল কাদির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।