আ.লীগের ৭২ ও বিএনপির ৪০ বিদ্রোহীকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল, খুলনা, সিলেট সদর ও ভোলার তজুমদ্দিন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ৭২ বিদ্রোহী প্রার্থীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
একই অভিযোগে গত কয়েক দিনে খুলনা জেলা বিএনপি অন্তত ৪০ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে। জেলার ৯টি উপজেলায় ৬৭টি ইউপিতে ভোট হবে ২২ মার্চ। এর মধ্যে বিএনপির প্রার্থী আছেন ৫৭টিতে। অন্যগুলোতে দলটি প্রার্থী দিতে পারেনি বা প্রত্যাহার করে নিয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ বিদ্রোহী প্রার্থীসহ ৩৫ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আগৈলঝাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি সোহেল ইমরোজ তালুকদার, রত্নাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আলম, যুগ্ম সম্পাদক মীর আশ্রাব আলী, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান।
খুলনা: বুধবার রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অমান্য করায় ৩৬ জন চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো। বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দিঘলিয়ার বারাকপুর ইউপির গাজী হাফিজুর রহমান ও দিঘলিয়া সদরের হায়দার আলী মোড়ল, কয়রা সদরের এস এম শফিকুল ইসলাম, মহেশ্বেরপুরের বিজয় কুমার সরদার, পাইকগাছার হরিঢালী ইউপির সরদার গোলাম মোস্তফা, লতার চিত্তরঞ্জন মণ্ডল, ডুমুরিয়া সদরের আবদুস সালাম মাঝি, তেরখাদার ছাগলাদাহর কামরুজ্জামান ওয়ালিছ, বটিয়াঘাটার জলমার ভগবতি গোলদার, বটিয়াঘাটা সদরের মনোরঞ্জন মণ্ডল, দাকোপ সদরের সঞ্জয় কুমার, লাউডোবের সরজিত কুমার রায়।
সিলেট: সদর উপজেলায় ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়। বুধবার জেলা আওয়ামী লীগের জরুরি সভায় তাঁদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ব্যক্তিরা হলেন কান্দিগাঁও ইউপির স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক সাজ্জাদ মিয়া, জালালাবাদ ইউপির মনফর আলী, টুলটিকর ইউপিতে প্রজন্ম লীগের আহ্বায়ক এস এম আলী হোসেন, খাদিমপাড়া ইউপিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফছর আহমদ ও মোগলাগাঁও ইউপির শামসুল ইসলাম।
ভোলা: তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউপিতে দলের বিদ্রোহী প্রার্থী মো. রিয়াদ হোসেন ওরফে হান্নানকে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম ও সম্পাদক ফজলুল হক দেওয়ান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, রিয়াদ হোসেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ অপরাধে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির ৪০ নেতা-কর্মী বহিষ্কৃত: খুলনা জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে রূপসা উপজেলা থেকে ৩ জন, তেরখাদা থেকে ৩ জন, দাকোপ থেকে ৮ জন, ডুমুরিয়া থেকে ১০ জন ও পাইকগাছা থেকে ১৬ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এসব নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। বহিষ্কার হওয়া নেতা-কর্মীদের মধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা রয়েছেন।