রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ‘জেএমবি, সর্বহারা ও জামায়াত-শিবির ক্যাডারদের মদদদান ও দলীয় পদ দেওয়ার’ অভিযোগ তোলা নয়জন নেতাকে সাময়িক অব্যাহতির সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৬ সেপ্টেম্বর রাজশাহীতে সংবাদ সম্মেলন করে বাগমারা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা অভিযোগ করেন, এনামুল হক ত্যাগী নেতাদের বাদ দিয়ে জামায়াত, জেএমবি, সর্বহারা ক্যাডারদের দলে ভিড়িয়েছেন। ত্যাগী নেতাদের মূল্যায়ন না করলেও তাঁদের নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে থাকেন এই সাংসদ। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিস্তর অভিযোগ আনা হয় সংবাদ সম্মেলনে।
দলীয় সাংসদের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন দলীয় নীতির বিরুদ্ধাচরণ উল্লেখ করে জেলা আওয়ামী লীগ ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এরপর তাঁরা জবাবও দেন। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় নয়জনকে সাময়িক বহিষ্কারের সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়।
তাঁরা হলেন বাগমারা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, বিজ্ঞান ও তথ্যবিষয়ক সম্পাদক মামুনুর রহমান, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সাহার আলী, নির্বাহী কমিটির সদস্য আবদুস সালাম, আবদুস সোবহান; সদস্য ও তাহেরপুর পৌরসভার সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র আবুল কালাম আজাদ; যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল।
জাকিরুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগের নেতাদের ভুল তথ্য দিয়ে এই সাজা দেওয়া হয়েছে। সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হলো, তা তদন্ত না করে তাঁকে বাঁচাতে এই শাস্তি দেওয়া হলো। তা ছাড়া, জেলা আওয়ামী লীগের ওই সভায় তাঁদের কাউকেই ডাকা হয়নি।