আ.লীগের 'অনুরোধে' সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের ‘অনুরোধে’ বিএনপির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিএনপির আবু হাসান ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আনোয়ার হোসেন উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
বিএনপির প্রার্থী আবু হাসান বলেন, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে অনুরোধ করেন। তাই তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেন, ‘এলাকায় থাকতে হবে। যেহেতু অনুরোধ করেছে, তাই তাদের অনুরোধ রক্ষা করেছি।’
আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা বলেন, ‘বিএনপির প্রার্থীর সঙ্গে এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। ইউনিয়নের উন্নয়নের স্বার্থে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁকে বলপ্রয়োগ করা হয়নি।’