আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীর জয়ের পেছনে তিন নিয়ামক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী চন্দন কুমার পাল পরাজিত হয়েছেন। বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ‘বিদ্রোহী’ প্রার্থী আওয়ামী লীগের অপর নেতা মো. হুমায়ুন কবীর। তাঁর এই অভাবনীয় সাফল্যের পেছনে তিনটি বিষয় নিয়ামক হিসেবে কাজ করেছে। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির স্থানীয় অধিকাংশ নেতা-কর্মীর সমর্থনই সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে।

গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে বিজয়ী হুমায়ুন কবীর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অপরদিকে চন্দন কুমার পাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জেলার পাঁচ উপজেলার ১৫টি কেন্দ্রে হুমায়ুন ও চন্দন পেয়েছেন যথাক্রমে ৫৬৩ ও ১৭৬ ভোট। ৩৮৭ ভোটের ব্যবধানে চন্দন পরাজিত হয়েছেন। তবে কোনো কেন্দ্রেই তিনি হুমায়ুনের চেয়ে বেশি ভোট পাননি।

বিশাল ব্যবধানে হুমায়ুন কবীরের জয়ের নেপথ্যে কয়েকটি বিষয় কাজ করেছে। এগুলো হচ্ছে জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমানের সঙ্গে দলের একটি গুরুত্বপূর্ণ অংশের দ্বন্দ্ব; হুমায়ুনকে আওয়ামী লীগের একাংশ, বিএনপি ও জাতীয় পার্টির জোরালো সমর্থন এবং সর্বোপরি তরুণ নেতা হিসেবে দলের ভেতরে ও বাইরে হুমায়ুনের জনপ্রিয়তা। এসব বিষয় কাজে লাগিয়ে হুমায়ুন বিজয়ী হয়েছেন বলে ধারণা করছেন দলের নেতা-কর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চন্দন কুমার পাল, হুমায়ুন কবীরসহ দলের ২৫ নেতা দলীয় সমর্থন চেয়ে কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করেন। দলের সভানেত্রী শেখ হাসিনা জেলা কমিটির সাধারণ সম্পাদক চন্দনকে সমর্থন দেন। পরে হুমায়ুন দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। স্থানীয় সাংসদ আতিউর রহমান দলীয় প্রার্থী হিসেবে চন্দন পালকে সমর্থন করেন।

দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে হুইপ আতিউরের সঙ্গে দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন, হুমায়ুন কবীর এবং জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমানের দ্বন্দ্ব চলে আসছিল। অধিকন্তু শেরপুর পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে ও প্রকাশ্য জনসভায় হুইপ আতিউর এবং দলের সাধারণ সম্পাদক চন্দন পাল একাধিকবার কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর বিরুদ্ধে বিষোদ্‌গার করেন; যা নকলা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগসহ জেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী ভালো চোখে নেননি। এসব নেতা-কর্মী দলীয় প্রার্থী চন্দন পালের পরিবর্তে বিদ্রোহী হুমায়ুনের পক্ষ নিয়ে নির্বাচনে কাজ করেন।

এদিকে হুমায়ুনকে সরাসরি সমর্থন দেন ছানুয়ার হোসেন, হাবিবুর রহমানসহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সামছুন্নাহার কামাল প্রমুখ। তাঁরাসহ জেলার সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতীর আওয়ামী লীগ থেকে নির্বাচিত বেশ কয়েকটি ইউপির চেয়ারমান হুমায়ুনের পক্ষে দিন-রাত কাজ করেন।

এ ছাড়া নালিতাবাড়ী, নকলা ও ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান যথাক্রমে এ কে এম মোখলেছুর রহমান, মাহবুব আলী চৌধুরী ও আমিনুল ইসলাম বাদশা সরাসরি হুমায়ুনের প্রচারে অংশ নেন। এই তিন উপজেলা চেয়ারম্যানই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। অপরদিকে জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি ইলিয়াছ উদ্দিন ও তাঁর ছেলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউপির চেয়ারম্যান মো. আবদুর রউফও তাঁকে সমর্থন দেন।

এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী চন্দন কুমার পাল বলেন, উগ্র সাম্প্রদায়িকতা, কালোটাকার সিন্ডিকেট ও ষড়যন্ত্রের কাছে তিনি পরাজিত হয়েছেন। কৃষিমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্যের বিষয়টিকে মিথ্যা আখ্যায়িত করে তিনি বলেন, যাঁরা প্রকৃত আওয়ামী লীগ করেন, তাঁরা কখনোই দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না। কিন্তু তাঁরা দলীয় সভানেত্রীর নির্দেশ উপেক্ষা করে ষড়যন্ত্রকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন।

 জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, ‘আমি জনগণের সেবক। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আশা করি, দায়িত্ব পাওয়ার পর শেরপুরের সর্বত্র সুষম উন্নয়নকাজ করতে পারব।’