শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চন্দন কুমার পালের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হুমায়ুন কবীর ওরফে রুমান। হুমায়ুন কবীর দলের একাংশের সমর্থন পাচ্ছেন। দলটির আরও এক নেতা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন।
দলীয় সূত্রের বর্ণনা অনুযায়ী, তফসিল ঘোষণার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সহসভাপতি সামছুন্নাহার কামাল, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, সাবেক সহসভাপতি ফকির আখতারুজ্জামানসহ ২৫ জন চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে কেন্দ্রে আবেদন করেন। কেন্দ্র থেকে চন্দন পালকে সমর্থন দেওয়া হয়।
গত ৬ নভেম্বর ঘোষিত ৭১ সদস্যের জেলা আওয়ামী লীগের কমিটির একজন সহসভাপতিসহ অন্তত ১০ জন হুমায়ুন কবীরের পক্ষে কাজ করছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কমিটির সহসভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সামছুন্নাহার কামাল, কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. আবদুল ওয়াদুদ। এ ছাড়া আছেন সাবেক সহসভাপতি ফকির আখতারুজ্জামান, সাবেক প্রচার সম্পাদক তাপস সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েযিদ হাসানসহ চারজন উপজেলা চেয়ারম্যান, জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবসহ বেশ কয়েকটি ইউপির চেয়ারম্যান।
৩ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় দেখা হয় হুমায়ুন কবীরের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘বিগত পৌরসভা নির্বাচনে আমাকে ছাড় দিতে হয়েছে। এবার আর ছাড়ব না। তা ছাড়া এটি নির্দলীয় নির্বাচন। এতে প্রার্থী হতে বাধা নেই এবং আমি জয়ী হব বলে আশা করি।’
চন্দন কুমারের সঙ্গে আছেন জেলা কমিটির সভাপতি, শেরপুর-১ (সদর) আসনের সাংসদ ও হুইপ আতিউর রহমান, সহসভাপতিদের একজন বাদে সবাই, শেরপুর পৌরসভার মেয়র ও জেলার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়াসহ ওই কমিটির বেশির ভাগ নেতা। ‘বিদ্রোহী’ প্রার্থীর বিষয়ে আতিউর রহমান বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে তিনি (হুমায়ুন) নিজ দায়িত্বে প্রার্থী হয়েছেন। এ ব্যাপারে আমি এখনই আর কিছু বলতে চাই না।’
এ ছাড়া আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন জেলা কমিটির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও শেরপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. মাছুদ। তিনি বলেন, ‘দলের স্বার্থে আমি প্রার্থিতা প্রত্যাহার করে নেব।’
এ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন ছাড়াও ১৫টি সাধারণ সদস্যপদে ৪৮ জন এবং পাঁচটি সংরক্ষিত নারী সদস্যপদে ১৪ জন প্রার্থী হয়েছেন। ঝিনাইগাতীর সংরক্ষিত নারী সদস্যপদে আয়েশা সিদ্দিকা রূপালি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ভোটার ৭৪২ জন। ভোট হবে ২৮ ডিসেম্বর।