
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ঘুরে এসে একটি নাগরিক প্রতিনিধিদল বলেছে, আওয়ামী লীগ ও বিএনপির একাংশ এবং এই দুই দলে অনুপ্রবেশকারী জামায়াত-শিবিরের লোকজন ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় সক্রিয় ভূমিকা পালন করেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ পরোক্ষভাবে হামলায় মদদ দিয়েছে। আর স্থানীয় জনপ্রতিনিধি মন্ত্রী ছায়েদুল হক হামলাকারীদের আড়ালের চেষ্টা করে নিজেকে দুষ্কর্মের পক্ষভুক্ত করেছেন।
গতকাল রোববার বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নিজেদের এই পর্যবেক্ষণ তুলে ধরে নাগরিক প্রতিনিধিদল। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, নিজেরা করি সমন্বয়কারী খুশী কবির, সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারিক আলীসহ আরও কয়েকজন ২ নভেম্বর নাসিরনগর পরিদর্শনে যান। তাঁরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।
লিখিত বক্তব্যে পঙ্কজ ভট্টাচার্য বলেন, নাগরিক প্রতিনিধিদল স্থানীয় জনগণের পক্ষপাতহীন অভিমত, তথ্য ও সাক্ষ্য থেকে এই সত্য জেনেছে যে আক্রমণকারীদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির একাংশ এবং ওই দুই দলে অনুপ্রবেশকারী জামায়াত-শিবিরের সংগঠিত অস্থানীয় অগ্রবাহিনী এই সাম্প্রদায়িক হামলায় সক্রিয় ভূমিকা পালন করেছে। এ ছাড়া সংখ্যালঘু বিতাড়ন, সম্পত্তি দখলের জন্য উচ্ছেদসাধনকল্পে তাদের দেশত্যাগে বাধ্য করার স্বার্থান্ধ গোষ্ঠীর হীন উদ্দেশ্যটিও অপ্রকাশিত থাকেনি। দৃঢ় প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং আস্থা ফেরাতে মধ্য ও দীর্ঘমেয়াদি রক্ষাকবচ ব্যবস্থা নেওয়ারও দাবি করেন তিনি।
সুলতানা কামাল বলেন, সাম্প্রদায়িকতাকে কীভাবে প্রত্যক্ষ-পরোক্ষ মদদ দেওয়া হচ্ছে নাসিরনগরের ঘটনা তার প্রকট প্রকাশ। প্রতিনিয়ত নীরবভাবে সাম্প্রদায়িকতার বিষবাষ্প জনগণের ভেতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, দোষারোপের কারণে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলোর বিচার হয় না।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, এ ধরনের হামলার দুটি উদ্দেশ্য। একটি অমুসলিমদের সম্পত্তি দখল করা, অন্যটি হলো তাঁদের দেশত্যাগে বাধ্য করা। জিয়াউদ্দিন তারিক আলী বলেন, এ ঘটনার প্রায়শ্চিত্ত হিসেবে তিনি ওই এলাকায় গিয়ে সাত দিন কায়িক শ্রম দেবেন।
সংবাদ সম্মেলনে নাসিরনগরে হামলার শিকার বিনোদ বিহারী চৌধুরী ও বিমল বিহারী চৌধুরী বক্তব্য দেন। বিনোদ বলেন, পাঁচ-সাত শ লোক তাঁদের বাড়িতে হামলা চালায়। তাঁকে মারধর করে চাবি নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আট ভরি স্বর্ণ, ৮ লাখ টাকা ও টিভি নিয়ে যায়। একই সংবাদ সম্মেলনে মহিলা পরিষদও নাসিরনগর পরিদর্শন শেষে পর্যবেক্ষণ তুলে ধরে। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাখি দাস পুরকায়স্থ বলেন, নাসিরনগরে ৩ হাজার হিন্দু ভোটার, ৫০০ ঘর। তাঁরা গিয়ে দেখেন পুরো এলাকা ধ্বংসস্তূপ। গুটি কয়েক লোকজন এলাকায় আছেন।