গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল মামুন বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
গতকাল অনুষ্ঠিত নির্বাচনে আবদুল্লাহ আল মামুন (আওয়ামী লীগ) ৩ হাজার ৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিয়ার রহমান (জাতীয় পার্টি) পান ২ হাজার ৩৮০ ভোট। নির্বাচনে ১২ হাজার ৩১০ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৪ জন ভোটার পৌরসভার মোট নয়টি কেন্দ্রে ভোট দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, নাশকতাসহ বিভিন্ন অনিয়মের কারণে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় সুন্দরগঞ্জের পৌর মেয়র ও সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সদস্য নুরুন্নবী প্রামাণিককে গত বছরের ৩০ সেপ্টেম্বর বরখাস্ত করে। এতে মেয়র পদটি শূন্য হয়। এ কারণে শুধু মেয়র পদের জন্য গত ৩ ফেব্রুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।