রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী লড়ছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বর্তমানে কোনো আয় নেই। তবে দলের বিদ্রোহী প্রার্থীর বার্ষিক আয় ২৮ লাখ ৮১ হাজার টাকা। দুই প্রার্থীর হলফনামা থেকে এই তথ্য জানা গেছে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হচ্ছেন জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মাহাবুব জামান। আর বিদ্রোহী প্রার্থী হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, মাহাবুব জামানের কৃষি, ব্যবসা বা চাকরি কোনো খাতেই আয় নেই। শুধু অন্যান্য খাতে তিনি বার্ষিক ৩ লাখ ৩০ হাজার টাকা আয় দেখিয়েছেন। এই আয় তাঁর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রাপ্ত সম্মানী। নির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁকে এই পদ থেকে পদত্যাগ করতে হয়েছে। ফলে বর্তমানে তাঁর আয়ের কোনো উৎস নেই। তবে তাঁর অস্থাবর সম্পদ দেখানো হয়েছে নগদ ১৫ লাখ টাকা ও ব্যাংকে জমা ৫০ হাজার টাকা। এ ছাড়া তাঁর ৩ লাখ টাকার ইলেকট্রনিকস সামগ্রী ও আসবাব রয়েছে।
এ বিষয়ে মাহাবুব জামান প্রথম আলোকে বলেন, আগে তাঁর ব্যবসা ছিল। তখন আয়কর দিয়েছেন। বর্তমানে ব্যবসা নেই। তিনি ভাইবোনের সংসারে থাকেন। জেলা পরিষদের পাঁচ বছর প্রশাসক ছিলেন। এই সময়ে তিনি যে সম্মানী পেয়েছেন সেটাই শুধু তাঁর আয়।
মোহাম্মদ আলী কৃষি খাতে বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ ৭৬ হাজার টাকা। এ ছাড়া বাড়ি, দোকান ও অন্যান্য ভাড়া থেকে তাঁর আয় ৪ লাখ ৩০ হাজার টাকা, ব্যবসা থেকে ১৭ লাখ টাকা, শেয়ার সঞ্চয়পত্র-ব্যাংক আমানত থেকে ২ লাখ ১৯ হাজার ও অন্যান্য
উৎস থেকে আয় ১ লাখ ৫৫ হাজার টাকা।
মোহাম্মদ আলীর অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা রয়েছে ৩৯ লাখ ৬৫ হাজার এবং স্ত্রীর নামে রয়েছে ৭৭ লাখ ৪ হাজার টাকা। নিজের নামে ব্যাংকে আছে ১৬ লাখ টাকা ও স্ত্রীর নামে রয়েছে ১৮ লাখ ৯৪ হাজার টাকা। নিজের নামে এফডিআর রয়েছে ২৭ লাখ ১২ হাজার টাকা ও স্ত্রীর নামে রয়েছে ৯৯ লাখ ১১ হাজার টাকা। স্ত্রীর নামের ট্রাকের দাম দেখানো হয়েছে ৩ লাখ ২৬ হাজার টাকা। স্ত্রীর স্বর্ণালংকার রয়েছে ২ লাখ টাকার। প্রার্থীর নিজের নামে ইলেকট্রনিকস সামগ্রী ও আসবাব রয়েছে ৮ লাখ টাকার। স্ত্রীর নামে আসবাব রয়েছে ৫০ হাজার টাকার। নিজের দেনা আছে ৭৫ হাজার টাকা।
এ ব্যাপারে মোহাম্মদ আলী সরকার বলেন, তিনি আয়কর ফাইলে যে সম্পদ দেখিয়েছেন তা হুবহু হলফনামায় দেখিয়েছেন। অন্য প্রার্থী কী করেছেন, তিনি বলতে পারবেন না।