আ.লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হতে চলেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরাই জয়ী হতে চলেছেন। রাজধানীর বাসিন্দাদের ওপর চালানো এক জরিপের ফলাফল দেখিয়ে গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পাতায় তিনি এ কথা লেখেন।
আজ মঙ্গলবার নির্বাচনের আগের দিন জরিপের ফলাফল তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা জয় লিখেছেন, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীরা উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছেন। ঢাকা দক্ষিণে ২২৮০ জন উত্তরদাতার ৪৯ শতাংশ বলেছেন তাঁরা আওয়ামী লীগের পক্ষের প্রার্থী সাঈদ খোকনকে ভোট দেবেন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের পক্ষে রয়েছেন ৪৩ শতাংশ। ঢাকা উত্তরের ২১৬০ জন উত্তরদাতার মধ্যে ৫১ দশমিক ৯ শতাংশের পছন্দ আনিসুল হককে, সেখানে তাবিথ আউয়ালকে পছন্দ ৩৩ শতাংশের।
জয় আরও বলেন, ‘ফোর্স এন ফোকাস লিমিটেড’ মাঠ জরিপটি পরিচালনা করেছে এবং সিআরআই ও সুচিন্তা প্রস্তুত করে জরিপের প্রশ্ন এবং গবেষণা পদ্ধতি। বিভিন্ন বয়সের প্রায় সমান সংখ্যক পুরুষ ও নারী উত্তরদাতাকে নিয়ে ঢাকা দক্ষিণের ২২৮০ ভোটার এবং উত্তরের ২১৬০ ভোটারকে নির্বাচিত করা হয় (৬০% তরুণ)।