আঁতাত করলে লড়াই সফল হয় না: ওবায়দুল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অশুভ শক্তির সঙ্গে আঁতাত করে শুভ শক্তির বিরুদ্ধে লড়াই করলে সেই লড়াই শেষ পর্যন্ত সফল হয় না। আপন ঘরে শত্রু থাকলে তা উগ্রবাদের চেয়েও ভয়ংকর। তিনি ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মতো অশুভ শক্তিকে প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানান।
মন্ত্রী আজ বুধবার বেলা ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলা সদরের জিরো পয়েন্টে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি। অন্যদের মধ্যে বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক প্রমুখ।
বিএনপির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘একটি দল ডাক দিলে আন্দোলন হয় না। মিছিল হয় না। সভা-সমাবেশ হয় না।’ তিনি অভিযোগ করেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন যে আওয়ামী লীগ দুর্যোগের সময় নির্বিকার থাকে। আমি তো দেখছি বিএনপিই নির্বিকার। তাদের কোনো কাজ নেই। তারা বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে বসে বক্তৃতা-বিবৃতি দেন, প্রেস ব্রিফিং করেন। আসলে নির্বিকার বিএনপিই। বন্যাদুর্গত এলাকায় এ পর্যন্ত তাদের দেখা যায়নি।’
বন্যা নিয়ে আওয়ামী লীগ নির্বিকার নয়—উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সংসদের অধিবেশন এক দিন আগে শেষ করা হয়েছে। দলের কেন্দ্রীয় সব নেতাকে এবং সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, বন্যাকবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের পক্ষ থেকে ইতিমধ্যে আটটি দল গঠন করা হয়েছে। সরকার বন্যা চলাকালে এবং বন্যার পরে পুনর্বাসনের ব্যবস্থা নেবে। প্রতিটি ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি কমে গেলে ওষুধের ব্যবস্থা করা হবে এবং যাঁরা ঘরবাড়ি হারাবেন, তাঁদের ঘর করে দেওয়া হবে।
উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
সমাবেশ শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কবিরহাট পৌরসভা চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পল্লী বিদ্যুতের কবিরহাট সাবস্টেশন, ১৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন, ঘোষবাগ-জৈনদপুর পাকা সড়ক, ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ ভবনসহ নয়টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শংকর লাল দত্ত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন প্রমুখ।