আইআরআইয়ের জরিপের ফল সাংঘর্ষিক: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) জরিপের ফলাফলকে ‘বিভ্রান্তিকর’ ও ‘সাংঘর্ষিক’ বলে দাবি করেছে বিএনপি।
গতকাল শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের এ প্রতিক্রিয়া জানান বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, এ জরিপের ফলাফলের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তারা একদিকে বলছে অধিকাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় নির্বাচন চায়, অধিকাংশ মানুষ দ্রুত নির্বাচন চায়। আবার অন্যদিকে সরকারের জনপ্রিয়তা বেড়েছে বলেছে। এটি প্রমাণ করে, জরিপটি সাংঘর্ষিক।
বিএনপির মুখপাত্র বলেন, ‘দেশে সুশাসন নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রতিদিনই খুন, গুম, মা-বোনরা নির্যাতন ও শিক্ষকেরা লাঞ্ছিত হচ্ছেন। স্বয়ং প্রধানমন্ত্রীকে নিজ দলের ছাত্রসংগঠন থেকে আগাছা পরিষ্কার করার কথাও বলতে হচ্ছে। এসব কি সরকারের জনপ্রিয়তা বাড়ায়? আমরা বুঝতে পারছি না, কোন ইন্ডিকেটর দেখে সরকার ও সরকারপ্রধানের জনপ্রিয়তা বেড়েছে।’ সরকার যদি জরিপের ফলাফল মেনে নেয়, তাহলে জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
সম্প্রতি প্রকাশিত আইআরআইয়ের জরিপে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের পর সরকারের প্রতি মানুষের সমর্থন বাড়ছে।