আইআরআইয়ের প্রতিবেদন নিয়ে সাংসদদের সন্দেহ
আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে বলে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান আইআরআইয়ের দেওয়া প্রতিবেদন নিয়ে সন্দেহ পোষণ করেছেন জাতীয় সংসদের জ্যেষ্ঠ সাংসদেরা। প্রতিবেদনের জন্য আরআরআইকে ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেন, বাংলাদেশের সাফল্যের জন্য কারও সনদের দরকার নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের জনসমর্থন বেড়েছে বলে আইআরআইয়ের দেওয়া প্রতিবেদনের ওপর সাধারণ আলোচনায় সাংসদেরা এসব কথা বলেন। সাধারণ আলোচনায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো প্রস্তাব করা হয়। প্রস্তাবটি উত্থাপন করেন সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। আলোচনা শেষে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। সাংসদদের কেউ কেউ প্রতিবেদনের প্রশংসা করেন।
আলোচনায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ ধরনের প্রতিবেদন দেখলে ভয় লাগে। আমেরিকা যার বন্ধু হয়, তার দুশমনের দরকার হয় না। তবে এটাও সত্য, পঁচাত্তরে পার পেয়েছেন। এবার পাবেন না। শেখ হাসিনার কিছু হলে সাংসদসহ সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসবে।
জরিপের জন্য আইআরআইকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, প্রতিবেদন নিয়ে আমি উল্লসিত নই। এই জরিপের মাধ্যমে তারা কী চায়, তা সময় বলে দেবে।
আবদুল মতিন খসরু বলেন, বাংলাদেশের সাফল্যের জন্য আইআরআইয়ের সার্টিফিকেটের দরকার নেই। ১৬ কোটি মানুষের সার্টিফিকেটই যথেষ্ট।
শেখ সেলিম বলেন, কারও সার্টিফিকেট নিয়ে বাংলাদেশকে চলবে হবে, এটা গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষ স্বস্তিতে আছে। দেশে কোনো হানাহানি নেই।
হাসিনার সার্টিফিকেট লাগে না, তিনি নিজ গুণে মহিমান্বিত
বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আইআরআইয়ের প্রতিবেদন থেকে আমি অবাক হয়েছি। কারণ তারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করছিল। পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার পেছনে জড়িত ছিল। যুদ্ধাপরাধীদের বিচার মেনে নিতে পারেনি। তাই তাদের প্রতিবেদনে উল্লাস করার কিছু নেই। শেখ হাসিনার জন্য কোনো সার্টিফিকেট লাগে না। তিনি নিজ গুণে মহিমান্বিত।
যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কেন যে পাগলা বাবার নজর বারবার আমাদের দিকে পড়ে। তবে তাদের এই প্রশংসা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে।
আইআরআইয়ের প্রতিবেদনকে উদ্দেশ্যমূলক মন্তব্য করে জাসদের মইন উদ্দিন খান বাদল বলেন, আইআরআইয়ের প্রতিবেদনটি থেকে যে বড় কিছু পেয়ে গেছি, তা নয়। তারা যখন কোনো দেশে কিছু করতে চায় তার আগে এমন প্রতিবেদন তৈরি করে। ১৯৭০,১৯৭১, ১৯৮১ তেও তারা এমন প্রতিবেদন তৈরি করেছিল। এখন মালয়েশিয়া, মিয়ানমার, বাংলাদেশকে নিয়েও প্রতিবেদন দিয়েছে। তিনি আরও বলেন, তারা প্রতিবেদনের শুরুতে গাছে তুলে দিয়েছে। শেষে বলেছে ৪৭ শতাংশ মানুষ সত্বর নির্বাচন চায়। তাদের পরিষ্কার হতে হবে, নির্বাচনটা কাদের স্বার্থে হবে। এখানে ২০১৯ সালে নির্বাচনের সময় নির্ধারিত করা আছে। যেখানে নির্বাচনের কোনো সময়সীমা নেই সেখানে নির্বাচনের কথা বলেন।
সাধারণ আলোচনায় আরও অংশ নেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক, চিফ হুইপ আ স ম ফিরোজ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আলী আশরাফ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, হাছান মাহমুদ, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, তাজুল ইসলাম, ফজিলাতুন নেসা বাপ্পী, নজরুল ইসলাম, নুরজাহান বেগম, জাতীয় পার্টিও ফখরুল ইমাম, সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান, স্বতন্ত্র সাংসদ হাজী রুস্তম আলী ফরাজী প্রমুখ।